রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গাজী নজরুলকে আরও দুটি বিয়ে করার পরামর্শ মাওলানা আফসারীর

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০৯:৩৫ পিএম

গাজী নজরুলকে আরও দুটি বিয়ে করার পরামর্শ মাওলানা আফসারীর

ছবি - সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান আলোচনার মধ্যে নতুন মন্তব্য করেছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিক উল্লাহ আফসারী। সাতক্ষীরা-চার আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে তিনি আরও দুটি বিয়ে করার পরামর্শ দিয়েছেন। 

সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওবার্তায় তিনি এই মন্তব্য করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।এই বক্তব্য নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।ভিডিওবার্তায় মাওলানা রফিক উল্লাহ আফসারী বলেন, ইসলামে একাধিক বিয়ে বৈধ এবং বিবাহ একটি অত্যন্ত পবিত্র সম্পর্ক। স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও জনসমক্ষে ছড়িয়ে দিয়ে কাউকে হেয় প্রতিপন্ন করা কোনোভাবেই উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। 

গাজী নজরুল ইসলামকে উদ্দেশ করে তিনি আরও বলেন, সাতক্ষীরার এই সম্মানিত সংসদ সদস্যের ব্যক্তিগত ভিডিও প্রকাশ করে যারা বিভিন্ন মহলে অপপ্রচার চালাচ্ছেন, তাদের একদিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এ সময় তিনি জানান, শরীয়তসম্মত উপায়ে একাধিক বিয়ে করার ক্ষেত্রে কোনো শরম বা বাধা নেই, তাই তিনি চাইলে আরও দুটি বিয়ে করতে পারেন এবং এতে কোনো অন্যায় নেই।

এর আগে সাতক্ষীরা-চার আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে নানাবিধ সমালোচনা শুরু হয়। তবে এই বিতর্কের মুখে গাজী নজরুল ইসলাম দাবি করেন যে ভিডিওটিতে যে নারীর সঙ্গে তাকে দেখা গেছে, তিনি তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে এই ভিডিও পরিকল্পিতভাবে ছড়িয়ে দিয়েছে। মাওলানা আফসারীর এই সমর্থনমূলক বক্তব্য ও নতুন পরামর্শের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে নানা আলোচনা অব্যাহত রয়েছে।