জুলাই ৩১, ২০২৬, ০৩:৩৯ পিএম
দেশের বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী ও গাড়িবহরে হামলার ঘটনা ঘটলেও এতদিন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে নীরব ভূমিকায় দেখা গেছে। এ বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন তিনি। পরিবারের একজন সদস্য গুরুতর অসুস্থ থাকায় দলের কার্যক্রমে সাময়িকভাবে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন এই নেত্রী।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই ব্যাখ্যা দেন।
ফেসবুক পোস্টে সামান্তা শারমিন জানান, গত ছাব্বিশ জুলাই থেকে তিনি সার্বক্ষণিক ইন্টারনেটের বাইরে রয়েছেন এবং তার পরিবারের একজন অত্যন্ত অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে পরিবারের সুস্থতাই তার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের নেতাকর্মীদের ওপর নেমে আসা নিগ্রহ ও সহিংসতার বিষয়ে তিনি অবগত থাকলেও পারিবারিক সংকটের কারণে সরাসরি মাঠে থাকতে না পারার জন্য সবার সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছেন।
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং অনুকূল পরিবেশ তৈরি হলে তিনি খুব দ্রুতই রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে আসবেন এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে করণীয় নির্ধারণ করবেন। জুলুমবাজরা কখনো চিরকাল শক্তিশালী থাকে না উল্লেখ করে তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে তিনি তার সহযোদ্ধাদের পাশেই আছেন এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে অটল থাকবেন। উল্লেখ্য, সম্প্রতি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ ও সিলেটে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে পরপর হামলার ঘটনা ঘটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন