আগস্ট ৬, ২০২৬, ১২:১৮ পিএম
শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতাদের মধ্যে পারস্পরিক সখ্যতা থাকলেও তৃণমূল পর্যায়ে তা মারাত্মক সহিংসতায় রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্রনেত্রী ডা. তাসনিম জারা। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বৈপরীত্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তার মতে, নেতাদের এই সৌজন্যমূলক বোঝাপড়া মাঠপর্যায়ে না থাকায় সাধারণ কর্মীরা চরম ক্ষতির শিকার হচ্ছেন।
রাজনৈতিক হানাহানির কারণে সম্প্রতি হবিগঞ্জে আঠারো বছর বয়সী এক তরুণ কর্মীর বাম চোখের দৃষ্টিশক্তি চিরতরে নষ্ট হয়ে যাওয়ার ঘটনাটি তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন।তাসনিম জারা তার পোস্টে সমসাময়িক দুটি দৃশ্যপট বর্ণনা করেছেন। একটিতে দেখা যায় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মান জানিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে মঞ্চে নিজের পাশে বসাচ্ছেন।
আরেকটি অনুষ্ঠানে হট্টগোল তৈরি হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মাইকে নাম ধরে ডেকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে পরিস্থিতি শান্ত করার দায়িত্ব দেন। এই ঘটনাগুলো শীর্ষ নেতাদের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রমাণ দেয় বলে তিনি উল্লেখ করেন।কিন্তু তৃণমূল পর্যায়ে রাজনৈতিক চিত্রটি সম্পূর্ণ ভিন্ন বলে তিনি আক্ষেপ করেন। নেতাদের মঞ্চের হুংকার মাঠপর্যায়ে গিয়ে লাঠি বা ইটে পরিণত হয় এবং এর ফলে সাধারণ কর্মীদের জীবন বিপন্ন হয়। অথচ শীর্ষ নেতারা রাতে ক্ষমতার টেবিলে বসে দীর্ঘক্ষণ আলাপ করেন।
হবিগঞ্জের ওই আহত তরুণের প্রসঙ্গ টেনে তিনি বলেন যে শীর্ষ পর্যায়ের এই সৌজন্যমূলক বোঝাপড়া যদি তৃণমূল পর্যন্ত পৌঁছাত, তবে তাকে আর চোখ হারাতে হতো না। আরও কোনো কর্মীর জীবন বা চোখ হারানোর আগেই রাজনৈতিক অঙ্গনে এই সৌজন্যবোধ মাঠপর্যায়ে নেমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন