শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

উকুন দূর করার সহজ ঘরোয়া উপায় জানালেন তাসনিম জারা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৬, ১১:৪১ এএম

উকুন দূর করার সহজ ঘরোয়া উপায় জানালেন তাসনিম জারা

মাথার উকুন অনেক মানুষের জন্যই একটি বিরক্তিকর ও অস্বস্তিকর সমস্যা। বিশেষ করে নারী ও শিশুদের মাঝে এই সমস্যা বেশি দেখা যায়। উকুন থেকে মুক্তি পেতে অনেকেই নানা ধরনের শ্যাম্পু বা পদ্ধতি ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল পান না। যুক্তরাজ্যের কেমব্রিজের চিকিৎসক ও সহায় হেলথের সহ-প্রতিষ্ঠাতা ডা. তাসনিম জারা ওষুধ ছাড়াই উকুনের হাত থেকে রক্ষা পাওয়ার কার্যকর উপায়গুলো সম্পর্কে সামাজিক মাধ্যমে বিস্তারিত আলোকপাত করেছেন।

প্রাকৃতিক উপায়ে উকুন দূর করার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি। ডা. তাসনিম জারা জানান, প্রাকৃতিক পদ্ধতিতে উকুন দূর করতে পনেরো দিন সময় লাগে। এই সময়ের মধ্যে প্রথম, পঞ্চম, নবম এবং তেরোতম দিনে চুল ভিজিয়ে চিকন বা উকুনের চিরুনি দিয়ে চুল ভালো করে আঁচড়াতে হবে। এতে মাথার বড় উকুনের পাশাপাশি ডিমগুলোও সহজে ধ্বংস হয়। 

এছাড়া ছয় মাস বা তার বেশি বয়সীরা চাইলে আইভার শাইন লোশন কিংবা আইভেরিয়া শ্যাম্পুর মতো উকুননাশক ওষুধ নিয়ম মেনে ব্যবহার করতে পারেন। ওষুধ ব্যবহারের সময় তালু ও প্রতিটা চুলে তা সঠিকভাবে পৌঁছানো নিশ্চিত করতে হবে। ভেষজ উপাদান যেমন রসুন বা টিট্রি অয়েল ব্যবহারের সুনির্দিষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই বলে তিনি এগুলো ব্যবহারের পরামর্শ দেন না। 

উকুনের সমস্যা থেকে পুরোপুরি মুক্ত থাকতে হলে পরিবারের অন্য কারও উকুন আছে কি না তা পরীক্ষা করে একসঙ্গে চিকিৎসা শুরু করতে হবে। পাশাপাশি চিরুনি, চুলের ব্রাশ ও বিছানার চাদর নিয়মিত গরম পানিতে পরিষ্কার করার ওপরও তিনি গুরুত্ব দিয়েছেন। সঠিক নিয়ম ও পরিচ্ছন্নতা বজায় রাখলে উকুন সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব।