বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৬:৫১ পিএম

ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল

ছবি - সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে শুরু হওয়া 'ফেসবুক যুদ্ধে' এবার নতুন তথ্য সামনে আনলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে ফেসবুকে এক পোস্টে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের একটি ব্যক্তিগত মেসেজ প্রকাশ্যে এনেছেন।

আসিফ মাহমুদের পোস্ট করা মেসেজে সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণের বিষয়ে কথা বলেন। মেসেজে সাকিব বলেন:ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামিলীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।"

এই মেসেজ প্রকাশের মাধ্যমে সাকিব দাবি করলেন যে, নির্বাচনে তার অংশগ্রহণ দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল না, বরং তা চাপিয়ে দেওয়া হয়েছিল।

মেসেজ প্রকাশের পাশাপাশি আসিফ মাহমুদ সাকিবের রাজনীতিতে সম্পৃক্ততা ও পুনর্বাসনের বিষয়ে তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি নেটাগরিকদের উদ্দেশে বলেন:You know who. যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই উঠে না।"

তিনি আরও প্রশ্ন তোলেন, শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? তার চূড়ান্ত মন্তব্য, "আইন সবার জন্য সমান।"

গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে শেখ হাসিনার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে সাকিব একটি ছবি পোস্ট করলে এই বিতর্কের সূত্রপাত হয়। এরপরই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লেখেন: "একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।"

এর পাল্টা জবাবে সাকিব আল হাসান রাত ১১টা ২০ মিনিটের দিকে লেখেন: "যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।"দুজনের নাম উল্লেখ না করা এই 'ওপেন-সিক্রেট' বক্তব্য নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।