রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পাঁচ দিনে দেশে ৩ ভয়াবহ আগুন, যা বলছেন আজহারি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৫, ১০:৪৮ পিএম

পাঁচ দিনে দেশে ৩ ভয়াবহ আগুন, যা বলছেন আজহারি

ছবি - সংগৃহীত

গত পাঁচ দিনে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে তিনটি ভয়াবহ ও রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি স্কলার শায়খ মিজানুর রহমান আজহারি। তিনি প্রশ্ন তুলেছেন, এই ধারাবাহিক অগ্নিকাণ্ডগুলো কি নিছক দুর্ঘটনা, নাকি দেশকে অস্থিতিশীল করার কোনো ‘গভীর ষড়যন্ত্র’?শনিবার (১৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

আজহারি তার পোস্টে লেখেন, “প্রথমে মিরপুর, তারপর চট্টগ্রাম ইপিজেড, আজ আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। আগুন যেন পিছু ছাড়ছে না। এগুলো কি নিছক দুর্ঘটনা? কেবল-ই অবহেলা আর অব্যবস্থাপনা? নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র?”

তিনি আরও লেখেন, “এ দেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে ফেলার চেষ্টা চলছে কি? প্রতিটি অগ্নিকাণ্ডের রহস্য খুঁজে বের করার সময় এখনই! সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নিরপেক্ষ তদন্ত করুন। খতিয়ে দেখুন। যথাযথ ব্যবস্থা নিন।”তিনি স্বীকার করেন যে, অপরিকল্পিত নগরায়ণ, ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ এবং অগ্নি-নিরাপত্তার অভাব এসব দুর্ঘটনার জন্য দায়ী।

তবে তিনি যোগ করেন, “এভাবে একের পর এক সিরিয়াল অগ্নিকাণ্ড ঘটানোর মাধ্যমে স্থিতিশীল দেশকে অস্থিতিশীল করার জন্য এটি কোনো হীন ষড়যন্ত্রের অংশ কিনা, সেটিও গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।”উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) মিরপুরের এক কেমিক্যাল গোডাউনে আগুনে ১৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়।

এরপর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় লাগা আগুন প্রায় ১৭ ঘণ্টা ধরে জ্বলে। সবশেষ আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে, যা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটকে একযোগে কাজ করতে হয়।