বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

ভাষণের আগে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ১০:৩৯ এএম

ভাষণের আগে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং জানানো হয়েছে ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা প্রধান উপদেষ্টার এই ভাষণে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশসহ গণভোটের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। এই ঘোষণাকে দেশের ভবিষ্যৎ সাংবিধানিক ও রাজনৈতিক কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

ভাষণের আগে আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাঁরই সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে এই গুরুত্বপূর্ণ বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই সিদ্ধান্তের পরেই আগামী সপ্তাহের শুরুতে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আদেশটি প্রধান উপদেষ্টা জারি করবেন, নাকি বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা হবে, সে বিষয়ে বৈঠকে আইনি দিক পর্যালোচনা করা হবে। আইনগত কোনো জটিলতা না থাকলে প্রধান উপদেষ্টাই আদেশ জারি করবেন বলে জানা গেছে।

এদিকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মতভেদ বিদ্যমান। বিএনপিসহ সমমনা দলগুলো বিদ্যমান সংবিধানের বাইরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো আদেশ জারির বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের দাবি যেকোনো সাংবিধানিক সংস্কার সংসদের মাধ্যমেই হওয়া উচিত। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল চায় প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন হোক। এই মতভেদ নিরসনে সরকার এক সপ্তাহ সময় বেঁধে দিলেও দলগুলো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ পর্যালোচনা করার জন্য আইন উপদেষ্টাসহ পাঁচজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছিল।খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান উপদেষ্টার আজকের ভাষণটি বেশ সংক্ষিপ্ত হবে এবং সচরাচরের মতো রেকর্ড না হয়ে সরাসরি সম্প্রচারিত হবে। জুলাই আদেশ বাস্তবায়ন সম্পর্কিত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই তিনি ভাষণ আকারে জাতির কাছে পাঠ করবেন। জুলাই সনদ ছাড়াও তার এই ভাষণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন এবং মানবতাবিরোধী অপরাধের চলমান বিচার প্রসঙ্গও স্থান পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।