নভেম্বর ১৪, ২০২৫, ০৫:০৩ পিএম
রাজশাহীতে বিচারকের বাসভবনে দুর্ধর্ষ হামলা ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনার জেরে এবার কঠোর অবস্থানে যাচ্ছে দেশের বিচার বিভাগ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিচারকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিয়োগসহ দুই দফা দাবি মেনে না নেওয়া হলে সারা দেশে কলম বিরতি পালন করার হুঁশিয়ারি দিয়েছে।
বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। শুক্রবার সংগঠনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এক জরুরি বিবৃতির মাধ্যমে এই আল্টিমেটাম দেওয়া হয়।
বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী রোববার অর্থাৎ ১৬ নভেম্বর থেকে বিচারকরা বিচারিক কার্যক্রম থেকে বিরত থাকবেন।
এই ক্ষোভের মূল কারণ হলো রাজশাহীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসভবনে দুর্বৃত্তদের নৃশংস হামলা। ওই হামলায় বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমন নিহত হন এবং তার স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হন। বিচারক পরিবারের ওপর এমন লোমহর্ষক হামলার ঘটনায় পুরো বিচার বিভাগ আজ স্তম্ভিত ও বাকরুদ্ধ হয়ে পড়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের চরম অবহেলা ছিল।
তাই দায়িত্বে অবহেলার সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে এবং গ্রেফতারকৃত আসামিকে আইনবহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব প্রদর্শনের দায়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।বিচারকদের এই সংগঠনটি ক্ষোভ প্রকাশ করে জানায় যে দেশের প্রতিটি আদালত প্রাঙ্গণ এজলাস এবং বিচারকদের বাসভবন ও গাড়িতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট থেকে সরকারকে বারবার চিঠি দেওয়া হলেও সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি।
রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করা সত্ত্বেও জেলা পর্যায়ের বিচারকদের জন্য পর্যাপ্ত সরকারি আবাসন ও পরিবহন ব্যবস্থা নেই। বিশেষ করে চৌকি আদালতে কর্মরত বিচারকদের অবস্থা আরও শোচনীয় যারা বাধ্য হয়ে অরক্ষিত ভাড়া বাসায় থাকেন এবং রিকশা বা পায়ে হেঁটে যাতায়াত করেন। রাষ্ট্রের এই উদাসীনতা ও দীর্ঘদিনের গাফিলতির কারণেই আজ বিচারক পরিবারে এমন করুণ বিপর্যয় নেমে এসেছে বলে মনে করে অ্যাসোসিয়েশন। এই রক্তের দায় কোনোভাবেই এড়ানোর সুযোগ নেই উল্লেখ করে তারা অবিলম্বে দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন