রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনি প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের নিষেধাজ্ঞা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৫, ০৯:১২ পিএম

নির্বাচনি প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের নিষেধাজ্ঞা

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খেলোয়াড়দের নির্বাচনি প্রচারণায় ব্যবহারের বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। দেশের ক্রীড়া পরিবেশের সুস্থতা বজায় রাখতেই এই নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) এনএসসি'র উপসচিব আমিনুল এহসানের স্বাক্ষর করা এক বিবৃতির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জানানো হয়।

ক্রীড়া পরিষদ স্পষ্ট করে জানিয়েছে, জাতীয় দলের কোনো খেলোয়াড়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের নির্বাচনি প্রচারণায় অথবা কোনো প্রার্থীর পক্ষে প্রচারে ব্যবহার করা যাবে না।

খেলোয়াড়দের এই ধরনের কোনো নির্বাচনি সভার মঞ্চে বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত হওয়া থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে।ক্রীড়া পরিষদের নির্দেশনায় আরও বলা হয়েছে, দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য সব খেলোয়াড়কে তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকতে হবে। এনএসসির এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানানো হয়েছে। ক্রীড়া পরিষদ মনে করে, এই নির্দেশনাসমূহের যেকোনো ব্যত্যয় দেশে চলমান সুস্থ ধারার ক্রীড়া পরিবেশকে মারাত্মকভাবে কলুষিত করতে পারে, যা ক্রীড়াবিদ ও জাতির জন্য একেবারেই অনভিপ্রেত।

তাই দেশের সার্বিক কল্যাণের স্বার্থে এবং ক্রীড়াঙ্গনে নিরপেক্ষতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনাসমূহ যথাযথভাবে পরিপালন করার জন্য অনুরোধ করা হয়েছে। মূলত জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের রাজনৈতিক বিতর্কের বাইরে রেখে তাদের মূল দায়িত্ব, অর্থাৎ দেশের ক্রীড়াক্ষেত্রে অবদান রাখার সুযোগ নিশ্চিত করতেই এনএসসি এই কঠোর অবস্থান নিয়েছে।