ডিসেম্বর ৭, ২০২৫, ০৯:০৮ পিএম
জাতীয় নির্বাচনের পর ঢাকায় দূতাবাস খুলতে যাচ্ছে আজারবাইজান। এর ফলে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
আজ রোববার (৭ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুই কন্যা—লায়লা আলিয়েভা ও আরজু আলিয়েভার।
সাক্ষাতে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক ও পরিবেশগত সম্পর্ক জোরদার এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে বাণিজ্য, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।বৈঠকে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি জানান, আসন্ন নির্বাচনের পরে ঢাকায় আজারবাইজানের একটি দূতাবাস খোলার প্রক্রিয়া চলছে। তিনি উল্লেখ করেন, গত নভেম্বর মাসে প্রধান উপদেষ্টার অনুরোধের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ঢাকায় দূতাবাস স্থাপন দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
হেইদার আলিয়েভ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং আইডিয়া পাবলিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও প্রধান লায়লা আলিয়েভা প্রধান উপদেষ্টার কাছে প্রেসিডেন্ট আলিয়েভের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন এবং বন্যপ্রাণী সংরক্ষণসহ পরিবেশ খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। বৈঠকে জানানো হয়, হেইদার আলিয়েভ ফাউন্ডেশন ও আইডিয়া পাবলিক ইউনিয়ন বাংলাদেশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে মানবিক, সামাজিক, যুব, স্বেচ্ছাসেবী, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ-সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আগ্রহী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন