রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‘সামাজিকভাবে প্রতিরোধ করলে দুর্নীতি কমবে’: অর্থ উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ০১:২৫ পিএম

‘সামাজিকভাবে প্রতিরোধ করলে দুর্নীতি কমবে’: অর্থ উপদেষ্টা

শুধু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে নয়, বরং সামাজিকভাবে দুর্নীতিবাজদের প্রতিরোধ করা সম্ভব হলে দেশে দুর্নীতি উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি মনে করেন, সমাজের মূল কাঠামো ঠিক রাখার জন্য রাজনীতিবিদদের ভূমিকা অত্যন্ত জরুরি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিবিদরা যদি ঠিক থাকেন, তাহলে সমাজে পচন ধরবে না এবং দুর্নীতি কমে আসবে।

তিনি দুর্নীতি বন্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। অর্থ উপদেষ্টা বলেন, সমাজের একটি গুরুতর পরিবর্তন এসেছে—আগে দুর্নীতিগ্রস্ত লোককে সামাজিকভাবে এড়িয়ে যাওয়া হতো, মানুষ তাদের ঘৃণা করত। এমনকি তারা তাদের ছেলে-মেয়েদের বিয়ে দিতেও পারতেন না। কিন্তু বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। তিনি আক্ষেপ করে বলেন, এখন আমরা উল্টো তাদের বিয়ে দিতে যাই, সম্মান জানাতে তাদের কাছে ছুটে যাই। এই সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে কেবল আইন প্রয়োগ করে দুর্নীতি দমন সম্ভব নয়।

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থাকা দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনও এই বিষয়ে একমত পোষণ করেন। তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে আছে, যা সম্পূর্ণ নির্মূল করা কঠিন একটি চ্যালেঞ্জ। এ অবস্থায় সমাজের মেরুদণ্ড হিসেবে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। তিনি বলেন, তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ এবং দুর্নীতিকে সামাজিকভাবে বর্জন করার মাধ্যমেই এই ভয়াবহ ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। দুদক চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা উভয়ের বক্তব্যে সমাজের তৃণমূল থেকে নৈতিকতার চর্চা শুরু করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।