বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

৩৫ বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৭:৩২ পিএম

৩৫ বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারত

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ৩৫ জন বাংলাদেশি জেলেসহ দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে ভারতের কোস্ট গার্ড (আইসিজি)। আটককৃত জেলেরা সবাই বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

ভারতের কোস্ট গার্ড জানায়, আটককৃত ট্রলার দুটির নাম এফ বি সাবিনা-১ এবং রূপসী সুলতানা। এর মধ্যে সাবিনা-১ ট্রলারে ১১ জন এবং রূপসী সুলতানা ট্রলারে ২৪ জন বাংলাদেশি জেলে ছিলেন।

সোমবার গভীর সমুদ্র থেকে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।বুধবার প্রাথমিক নিরাপত্তা যাচাই শেষে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আটক ট্রলার ও মৎস্যজীবীদের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেয়।

ফ্রেজারগঞ্জ পুলিশ আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাঁদের কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠিয়েছে।এই আটকের ঘটনার আগে গত সোমবার বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের একটি ট্রলারে বাংলাদেশের নৌবাহিনীর একটি নৌযানের ধাক্কা লাগার অভিযোগ তোলে ভারত।

ওই ঘটনায় ভারতীয় ট্রলারটি ডুবে যায় এবং ১১ জন মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করা গেলেও ৫ জন নিখোঁজ ছিলেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশি জেলেদের আটকের খবর এল।বর্তমানে আটককৃত জেলেদের কুতুবদিয়ার পরিবারের পক্ষ থেকে তাঁদের ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।