সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

যাত্রা শুরু করলো ভোটের গাড়ি সুপার ক‍্যারাভান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০৬:২৮ পিএম

যাত্রা শুরু করলো ভোটের গাড়ি সুপার ক‍্যারাভান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তাবিত গণভোট নিয়ে দেশব্যাপী ব্যাপক প্রচারণার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে দশটি বিশেষ প্রচারযান ‘সুপার ক্যারাভান’। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ‘ভোটের গাড়ি’ বহরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফিতা কেটে এই কার্যক্রমের সূচনা করেন।

এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন যে বাংলাদেশ এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পার করছে। সামনে আমাদের জাতীয় নির্বাচন এবং দীর্ঘ ৯ মাসের রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে তৈরি ‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে গণভোট। এই ক্যারাভানগুলো দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেবে এবং ভোটাধিকার সম্পর্কে নাগরিকদের সচেতন করবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন যে ভোটাধিকার কারো দয়া নয় বরং এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আগামী দিনের ‘নতুন বাংলাদেশ’ এর ভবিষ্যৎ নির্ধারিত হবে।ড. ইউনূস তার বক্তব্যে তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি বিশেষভাবে আহ্বান জানান যাতে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেন। তিনি উল্লেখ করেন যে এবারের নির্বাচনে নাগরিকরা দুটি ভোট দেবেন; একটি সংসদ নির্বাচনের প্রার্থী বাছাইয়ে এবং অন্যটি জুলাই জাতীয় সনদ গ্রহণে।

জুলাই সনদে যদি জনসমর্থন মেলে তবে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদ থাকবে বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন। সুপার ক্যারাভানের এই প্রচার বহর কেবল একটি গাড়ি নয় বরং এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী একটি মাধ্যম যা মানুষকে নিষ্ক্রিয়তা ঝেড়ে ফেলে নির্ভীকভাবে মতপ্রকাশে উৎসাহিত করবে। সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।