রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

দেশের মানুষকে শাহবাগে অবস্থানের আহ্বান ইনকিলাব মঞ্চের

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৫:৩৩ পিএম

দেশের মানুষকে শাহবাগে অবস্থানের আহ্বান ইনকিলাব মঞ্চের

শহীদ শরীফ ওসমান বিন হাদির প্রতিষ্ঠিত সংগঠন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সাধারণ মানুষকে শাহবাগে এসে অবস্থান নেওয়ার জরুরি আহ্বান জানানো হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের ঢাবি শাখার নেতাকর্মীরা।

মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয় এবং পুরো এলাকা অবরোধ করে রাখে।

একই সময়ে ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে জনগণকে সংহতি প্রকাশের আহ্বান জানানো হয় অবস্থান কর্মসূচিতে উপস্থিত সংগঠনের নেতারা স্পষ্ট জানিয়েছেন।

শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। তাদের মতে এই হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তির বিরুদ্ধে নয় বরং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্নের ওপর আঘাত। শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার ফলে ওই এলাকায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং নেতাকর্মীদের বিচার দাবিতে গগনবিদারী স্লোগান দিতে দেখা যায়।

উল্লেখ্য যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তদন্ত সংশ্লিষ্টরা ইতিমধ্যে এই হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করেছেন বলে জানা গেছে। যদিও আলোচনা রয়েছে যে অভিযুক্ত ওই আসামি ঘটনার পরপরই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন।

ওসমান হাদি আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হলেও চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছাত্র ও জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে।