ডিসেম্বর ২৮, ২০২৫, ০৬:২৮ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় (শহীদ হাদি চত্বর) অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অন্তর্বর্তী সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
দুপুর ১টার দিকে শাহবাগে জড়ো হতে থাকেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ২টার দিকে কয়েক হাজার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশাল মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দিলে শাহবাগ এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
এর ফলে চারদিকের রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সরকারকে উদ্দেশ্য করে বলেন,আমরা ক্ষমতার চিন্তা করলে জানাজার ময়দানেই ঘোষণা দিয়ে দিতাম।
যেহেতু দিইনি, তার মানে এখনো সুযোগ আছে। কিন্তু আগামীকাল যদি আমরা চূড়ান্ত ঘোষণা দিই, তবে আপনাদের আর পেছনে ফেরার সময় থাকবে না।তিনি আরও বলেন, আন্দোলনের ভেতর বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে। শত্রুরা আমাদের মাঝে লোক ঢুকিয়ে ভাঙন ধরাতে চায়, কিন্তু এখানে উপস্থিত সংগ্রামী জনতা এই মাইকের ঘোষণা ছাড়া কারো কথা শুনবে না।
ইনকিলাব মঞ্চের নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া শুরু না হবে, ততক্ষণ পর্যন্ত শাহবাগ চত্বর থেকে তারা সরবেন না। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশজুড়ে এই আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেন তাঁরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন