বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ০৬:৩০ পিএম

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইনকিলাব মঞ্চের

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে আগামী ৭ জানুয়ারির পর সরকার পতনের একদফা আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ থেকে এই চরমপত্র ঘোষণা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নিলে এক পাশের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা এই বিক্ষোভে সাধারণ শিক্ষার্থী ও জনতার অংশগ্রহণে শাহবাগ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। আন্দোলনকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’ এবং ‘হাদি হত্যার বিচার চাই’ স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন।

সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন যে শরিফ ওসমান হাদিকে হত্যার ২১ দিন পেরিয়ে গেলেও প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সরকার ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন হাদি ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে। সরকার আগামী ৭ জানুয়ারির মধ্যে অভিযোগপত্র দেওয়ার কথা বললেও যদি কেবল একজনকে আসামি করা হয় তবে তা ইনকিলাব মঞ্চ গ্রহণ করবে না। এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কুশীলবসহ সবাইকে আইনের আওতায় না আনলে ৭ জানুয়ারির পর থেকে সরাসরি সরকার পতনের ডাক দেওয়া হবে বলে তিনি জানান।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে সতর্কবার্তা দিয়ে আব্দুল্লাহ আল জাবের আরও বলেন যে কোনো ধরনের গোপন বৈঠক বা দিল্লির সঙ্গে সিক্রেট আঁতাত ইনকিলাব মঞ্চ সফল হতে দেবে না। তারা নির্বাচনের সময় পর্যন্ত রাজপথে থেকে রাষ্ট্র পাহারা দেওয়ার অঙ্গীকার করেন। উল্লেখ্য যে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অনড় ঘোষণা দিয়েছে সংগঠনটি যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে।