বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:৪৪ পিএম

নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশের সকল স্তরের সদস্যদের সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত এক প্রাক-নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন। 

আইজিপি স্পষ্ট করে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পুলিশের প্রতিটি সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

সভায় আইজিপি বাহারুল আলম পুলিশের জবাবদিহি নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "দায়িত্ব পালনের সময় বডিওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। এর ফলে পুলিশের কাজে স্বচ্ছতা আসবে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।

 তিনি আরও উল্লেখ করেন যে, জনবান্ধব পুলিশিং কার্যক্রম শক্তিশালী করতে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আসন্ন নির্বাচনের সময় পুলিশের প্রধান লক্ষ্য।চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন সভায় স্বাগত বক্তব্যে আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আইজিপিকে অবহিত করেন। তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

 

সভায় উপস্থিত উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নির্বাচনের সময় মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ এবং তা নিরসনের কৌশল নিয়ে আলোচনা করেন।আইজিপি বাহারুল আলমের এই কঠোর বার্তা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং ভোটারদের মাঝে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ তৈরি করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তিনি সাফ জানিয়ে দেন, দায়িত্ব পালনে কোনো ধরণের শিথিলতা বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না।