ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১২:০৪ পিএম
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে যানবাহন চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনা অনুযায়ী, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।
এছাড়া ভোটের দিন অর্থাৎ আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা থেকে আগামীকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
তবে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং জরুরি প্রয়োজন মেটাতে এই বিধিনিষেধের ক্ষেত্রে বেশ কিছু শিথিলতা রাখা হয়েছে। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও টেলিযোগাযোগের মতো জরুরি সেবার যানবাহন অবাধে চলাচল করতে পারবে। এছাড়া সংবাদপত্র ও গণমাধ্যমের গাড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের গাড়ি এবং অনুমোদিত পর্যবেক্ষকদের গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
বিদেশগামী বা বিদেশফেরত যাত্রীরা বিমান বা ট্রেনের টিকিট প্রদর্শন সাপেক্ষে তাদের ব্যক্তিগত বা ভাড়ায় চালিত গাড়ি ব্যবহার করতে পারবেন।নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নির্বাচনী এজেন্টরা রিটার্নিং কর্মকর্তার স্টিকার ও অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট সংখ্যক গাড়ি ব্যবহার করতে পারবেন। এছাড়া মহাসড়ক, বন্দর ও আন্তঃজেলা সংযোগ সড়কগুলোতে পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন বিধিনিষেধ শিথিল করতে পারবে।
সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, ভোটের দিন রাজধানী ঢাকায় মেট্রোরেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ভোটারদের যাতায়াত সহজ করতে নিয়মিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলবে এবং প্রয়োজনে ট্রেনের সংখ্যা বাড়ানো হতে পারে। ফলে ব্যক্তিগত গাড়ি বন্ধ থাকলেও ভোটাররা মেট্রোরেল ব্যবহার করে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবেন। তবে যারা ব্যক্তিগত মোটরসাইকেল বা গাড়ি নিয়ে বের হওয়ার পরিকল্পনা করছিলেন, তাদের জরিমানার হাত থেকে বাঁচতে ইসির নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন