রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০২:২৯ পিএম

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

শপথে নতুন রীতি: সংসদ ভবনে অভিষেক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এসেছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আইন উপদেষ্টা জানান, মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এরপর একই দিন বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

এবার দীর্ঘদিনের রীতি ভেঙে বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। গণঅভ্যুত্থান পরবর্তী এই নতুন সরকারের অভিষেককে জনমুখী ও স্মরণীয় করে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। শরিক দলগুলোসহ বিএনপি জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২টিতে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে প্রথমবারের মতো দেশের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। 

তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ দুই দশক পর বিএনপি ক্ষমতায় ফিরছে, যা নিয়ে সারাদেশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের বিশাল প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে এবং দেশি-বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে।