ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৪:৫১ পিএম
আগামীকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশেষ আয়োজনকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। এমতাবস্থায় যানজট নিরসন এবং নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ একটি বিশেষ ট্রাফিক নির্দেশনা ও ডাইভারশন পরিকল্পনা প্রকাশ করেছে।
আগামীকাল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলে ডিএমপি সূত্রে জানানো হয়েছে।নির্দেশনা অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর বা গণভবন ক্রসিং থেকে উড়োজাহাজক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত করা হবে।
ট্রাফিক বিভাগ যানবাহন চলাচলের প্রবাহ সচল রাখতে বেশ কিছু বিকল্প রুটের কথা জানিয়েছে। মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণি দিয়ে ফার্মগেটের দিকে যেতে পারবে।
একইভাবে ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণি দিয়ে যাতায়াত করবে।এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে যারা ধানমন্ডির দিকে যাবেন তাঁদের জন্য নির্দেশনায় বলা হয়েছে যে খেজুর বাগান ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং এবং চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে আসাদগেট দিয়ে ধানমন্ডিতে প্রবেশ করতে হবে। অন্যদিকে মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহনগুলো শ্যামলী, শিশুমেলা এবং গণভবন হয়ে আসাদগেট দিয়ে সরাসরি ধানমন্ডি ২৭ এর দিকে যাতায়াত করতে পারবে। নগরবাসীর যাতায়াত সহজ করতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি বা হাতিরঝিল র্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে যে আগামীকাল সারাদিন মানিক মিয়া এভিনিউ ও লেকরোড এলাকা যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। যানজট এড়াতে চালকদের ডাইভারশন পয়েন্টগুলোতে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের সহযোগিতা করতে বলা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন নগরীর একটি গুরুত্বপূর্ণ অংশে মানুষের বাড়তি চাপ তৈরি হতে পারে বিধায় এই সাময়িক অসুবিধা মোকাবিলায় ট্রাফিক বিভাগ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে। এই নতুন ট্রাফিক নির্দেশনার ফলে রাজধানীর অন্য এলাকাগুলোতেও যানবাহনের বাড়তি চাপ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন