রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করল ইসি

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৭:৪১ পিএম

বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করল ইসি

বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাঁর পছন্দের আসন হিসেবে ঢাকা-১৭ নির্বাচনি এলাকাকে বেছে নিয়েছেন। ফলে তাঁর জয়ী হওয়া অন্য আসনটি অর্থাৎ বগুড়া-৬ (নির্বাচনি এলাকা ৪১) আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়। 

সংবিধানের বিধান অনুযায়ী একই সাথে একাধিক আসনের প্রতিনিধিত্ব করার সুযোগ না থাকায় তারেক রহমান এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।ইসির প্রকাশিত গেজেটে বলা হয়েছে, নির্বাচনি এলাকা ৪১ বগুড়া-৬ এবং ১৯০ ঢাকা-১৭ থেকে নির্বাচিত প্রার্থী তারেক রহমান ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনের কাছে ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা পোষণ করে লিখিত ঘোষণাপত্র দাখিল করেছেন। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) দফার বিধান অনুসারে, এই ইচ্ছা জ্ঞাপনের তারিখ অর্থাৎ আজ থেকেই বগুড়া-৬ আসনটি শূন্য বলে গণ্য হবে। উল্লেখ্য, এই আসনে পরবর্তীতে উপনির্বাচনের মাধ্যমে নতুন প্রতিনিধি নির্বাচন করা হবে।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান একাধারে বগুড়া-৬ এবং ঢাকার গুলশান-বনানী এলাকাভুক্ত ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই আসনেই তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তাঁর নেতৃত্বাধীন বিএনপি এককভাবে ২১২টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। পৈতৃক ভিটা বগুড়ার চেয়ে কৌশলগত কারণে রাজধানী ঢাকার আসনটি ধরে রাখাকেই প্রাধান্য দিয়েছেন দলটির শীর্ষ নেতৃত্ব।

আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানেই সংসদীয় দলনেতা হিসেবে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দীর্ঘ সময় পর দেশের শাসনভার গ্রহণ করতে যাওয়া বিএনপি এবং তাদের জোটের নেতা-কর্মীদের মাঝে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।