সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,

এ বছরের ফিতরার হার ঘোষণা করল ইসলামিক ফাউন্ডেশন

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০১:৩৪ পিএম

এ বছরের ফিতরার হার ঘোষণা করল ইসলামিক ফাউন্ডেশন

ফিতরা নির্ধারণ

হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসে জনপ্রতি সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি। বুধবার সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে দেশের বিশিষ্ট মুফতি ও আলেম সমাজ উপস্থিত ছিলেন। 

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা ধার্য করা হয়েছে। উল্লেখযোগ্য যে, গত বছর অর্থাৎ ২০২৫ সালেও সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল।

ইসলামী শরীয়াহ মোতাবেক আটা, যব, কিসমিস, খেজুর ও পনিরের মতো নির্দিষ্ট পণ্যের বাজার মূল্যের ওপর ভিত্তি করে প্রতি বছর এই ফিতরা নির্ধারণ করা হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ টাকা প্রদান করতে হবে। 

যব দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ৫৯৫ টাকা, খেজুরের ক্ষেত্রে ২ হাজার ৪৭৫ টাকা এবং কিসমিসের ক্ষেত্রে ২ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সর্বোচ্চ হার হিসেবে পনির দিয়ে ফিতরা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য হিসেবে ২ হাজার ৮০৫ টাকা প্রদান করতে হবে।দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের খুচরা বাজার মূল্যের ভিত্তিতে এই হার চূড়ান্ত করা হয়েছে।

 

তবে স্থানীয় বাজার দরের কারণে বিভিন্ন অঞ্চলে ফিতরার পরিমাণে সামান্য তারতম্য হতে পারে। সেক্ষেত্রে স্থানীয় খুচরা বাজার মূল্যে ফিতরা পরিশোধ করলেও তা আদায় হবে বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে। মুসলমানরা তাদের সামর্থ্য অনুযায়ী এই পণ্যগুলোর যেকোনো একটি বা সমপরিমাণ অর্থ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।