ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:২০ পিএম
আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। শুক্রবার দুপুরে বগুড়ার মহাস্থানগড় এলাকায় শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার মসজিদে জুমার নামাজের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান সরকারের নতুন এই সামাজিক নিরাপত্তা উদ্যোগের সূচনা হবে বগুড়া থেকেই এবং প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
সরকারের এই কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
ফ্যামিলি কার্ডের এই পাইলট বা পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে মাঠপর্যায়ে গিয়ে সম্ভাব্য সুফলভোগী পরিবারগুলোকে চিহ্নিত করার কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মসূচিটি নিখুঁতভাবে বাস্তবায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে সঠিক তদারকির জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও বিশেষ কমিটি গঠন করা হয়েছে।প্রকল্পের নীতিমালা অনুযায়ী প্রতিটি পরিবারের পক্ষ থেকে একজন নারী সদস্য কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। একটি ওয়ার্ডের মধ্যে যতগুলো পরিবার সরকারের নির্ধারিত যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হবে তাদের প্রত্যেককে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
প্রাথমিকভাবে চার মাসব্যাপী এই পরীক্ষামূলক কার্যক্রম চলবে এবং এর ফলাফল ও কার্যকারিতা পর্যবেক্ষণ করে পরবর্তীতে ধাপে ধাপে সারা দেশের প্রতিটি উপজেলায় এই ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণ করার মহাপরিকল্পনা রয়েছে সরকারের। প্রতিমন্ত্রীর এই ঘোষণার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে এবং জেলা প্রশাসন সফরের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা শুরু করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন