ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৩:৫৭ পিএম
বর্তমান সরকার দুর্নীতির বিষয়ে অত্যন্ত কঠোর এবং কোনো অবস্থাতেই অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যার যেটা কাজ সে সেটা করবে। যারা দুর্নীতি করবে তাদের জবাবদিহিতার আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) রয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় সুখবর দিয়ে মন্ত্রী জানান, জেলায় মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে একটি বিশেষজ্ঞ টিম সরেজমিনে পরিদর্শন করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ২০২৭ সালের মধ্যেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে আনুষ্ঠানিক শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।
এ ছাড়া ঠাকুরগাঁও সদর হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বাড়াতে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। পৌরসভার উন্নয়ন এবং কৃষির প্রসারে চলমান ও ভবিষ্যৎ প্রজেক্টগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।মতবিনিময় সভায় ঠাকুরগাঁওয়ের মাদক পরিস্থিতি নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সভায় মাদক নিয়ন্ত্রণের বিষয়ে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে এবং এটি নির্মূলে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের খাদ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে নারীদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ডের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা দ্রুত তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।
উপদেষ্টাদের দুর্নীতি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে তিনি মনে করেন এসব বিষয়ে অযথা সময় নষ্ট না করে ভবিষ্যতের দিকে নজর দেওয়া উচিত। কিভাবে দেশটিকে সত্যিকার অর্থে সমৃদ্ধ করা যায় এবং গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা যায়, সেদিকেই সবার মনোনিবেশ করা উচিত। এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং জেলা পুলিশ সুপার বেলাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রী ঠাকুরগাঁওয়ের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন