বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়া পাচ্ছেন ‘গণতন্ত্রের শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা

জাতীয় ডেস্ক

মার্চ ৭, ২০২৬, ০১:৩৭ পিএম

খালেদা জিয়া পাচ্ছেন ‘গণতন্ত্রের শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা

সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালিত ‘অদম্য নারী পুরস্কার’ কার্যক্রমের আওতায় তাকে এই বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শুক্রবার বিকেলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘদিনের আপসহীন সংগ্রাম এবং গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে অসামান্য নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে বেগম খালেদা জিয়াকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে তাকে ‘গণতন্ত্রের মানসকন্যা’ হিসেবে অভিহিত করা হয়। 

মূলত দেশের শাসনব্যবস্থায় গণতান্ত্রিক মূল্যবোধ ফিরিয়ে আনা এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রাজনৈতিক দৃঢ়তা প্রদর্শনের কারণেই তাকে এই বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।আগামী রোববার অর্থাৎ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে নির্ধারিত অতিথিদের উপস্থিতিতে এই সম্মাননা পদক ও সনদ প্রদান করা হবে। সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে, কারণ এটি রাষ্ট্রীয় পর্যায় থেকে কোনো সিনিয়র রাজনৈতিক নেত্রীর রাজনৈতিক সংগ্রামের একটি আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।বেগম খালেদা জিয়া ছাড়াও এ বছর আরও পাঁচজন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হচ্ছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জনের জন্য নুরুন নাহার আক্তারকে পুরস্কৃত করা হবে। 

শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সফলতার জন্য মোছা. ববিতা খাতুন এবং সফল জননী হিসেবে নূরবানু কবীর এই সম্মাননা পাচ্ছেন। এছাড়া নির্যাতনের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে জীবন যুদ্ধে জয়ী হওয়া নারী হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় মোছা. আফরোজা ইয়াসমিনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। প্রতি বছরই সরকার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নারীদের এই সম্মাননা প্রদান করে থাকে।