মার্চ ২৫, ২০২৬, ০৮:৩২ পিএম
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। বুধবার ২৫ মার্চ সিআইডি সদর দপ্তরে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করা এই কর্মকর্তা তার দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
সিআইডি প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মোসলেহ্ উদ্দিন আহমদ তার বর্ণাঢ্য কর্মজীবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। এছাড়া তিনি কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবে মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বিশেষ কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি সুদানের দারফুরে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের যৌথ মিশনে পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষাগত জীবনে তিনি অপারেশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং অ্যাপ্লাইড ক্রিমিনোলজি ও পুলিশ ম্যানেজমেন্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়া, জাপান ও চীনসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নতুন সিআইডি প্রধান এই সংস্থাটিকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সিআইডির অর্জিত সুনাম ধরে রাখতে হলে প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একক কোনো নেতৃত্বের পক্ষে সাফল্য অর্জন সম্ভব নয় বরং সবার সম্মিলিত প্রচেষ্টাই হবে সাফল্যের চাবিকাঠি।
তিনি প্রতিটি কাজে আর্থিক ও পেশাগত সততা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দায়িত্ব পালনে অবহেলা বা বিনা কারণে কর্মস্থলে উপস্থিতি কোনোভাবেই বরদাশত করা হবে না বলে তিনি কর্মকর্তাদের সতর্ক করে দেন।মোসলেহ্ উদ্দিন আহমদ আরও উল্লেখ করেন যে, সিআইডিকে দেশের একটি অন্যতম তদন্ত সংস্থা বা অ্যাপেক্স ইনভেস্টিগেশন ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত করাই তার মূল লক্ষ্য।
দক্ষতার কোনো ঘাটতি থাকলে তা পূরণের জন্য সিআইডিতে আধুনিক প্রযুক্তি ও পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। তবে এরপরেও কেউ যদি দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেন, তবে সিআইডিতে তার কোনো স্থান থাকবে না। সিআইডির স্বার্থে এবং পুলিশের বৃহত্তর কল্যাণে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। অনুষ্ঠানে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের সদস্যরা সশরীরে এবং অনলাইনে যুক্ত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন