বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

মব কালচার’ আর বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ০৫:৫৮ পিএম

মব কালচার’ আর বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে ‘মব কালচার’ বা বিশৃঙ্খল গণপিটুনির সংস্কৃতি আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, দাবি আদায়ের দোহাই দিয়ে রাস্তাঘাট অবরোধ করা কিংবা মব তৈরি করে কোনো ধরণের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। 

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি সরকারের এই কঠোর অবস্থানের কথা জানান।সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য রুমিন ফারহানা বিগত সরকারের সময়ের গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গটি সামনে নিয়ে আসেন। 

একই সাথে তিনি বর্তমান সময়ে মাথাচাড়া দিয়ে ওঠা মব কালচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। রুমিন ফারহানা অধিবেশনে জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, মব কালচারের শিকার হয়ে অন্তত ২৫০ থেকে ৩০০ মানুষ প্রাণ হারিয়েছেন। 

তিনি নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, এমনকি গত ২১ ফেব্রুয়ারি তিনিও এমন পরিস্থিতির ভুক্তভোগী হয়েছেন। এই বিপজ্জনক সংস্কৃতি বন্ধে সরকার বাস্তবে কী ধরণের পদক্ষেপ নিচ্ছে, তা তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান।রুমিন ফারহানার প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা ঘোষণা করেছি যে বাংলাদেশে কোনো ধরণের মব কালচার থাকতে দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে দাবি আদায়ের লক্ষ্যে মহাসড়ক বা সাধারণ সড়ক অবরোধ করার যে প্রবণতা লক্ষ্য করা গিয়েছে, সেটাকে সরকার আর কখনোই প্রশ্রয় দেবে না। 

মন্ত্রী উল্লেখ করেন যে, সবকিছুকেই মব বা হুজুগে জনতা বলা ঠিক হবে না। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে হামলা চালানো বা সেখানে ভাঙচুর করা মূলত একটি সুসংগঠিত ও পরিকল্পিত অপরাধ। এই ধরণের প্রতিটি ঘটনার বিরুদ্ধে মামলা করা হচ্ছে এবং যথাযথ তদন্তের মাধ্যমে আসামিদের আইনের আওতায় আনা নিশ্চিত করা হচ্ছে।জনসাধারণের উদ্দেশ্যে গণতান্ত্রিক উপায়ে দাবি জানানোর আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের নানা ধরণের দাবি থাকতে পারে। তবে সেই দাবি আদায়ের পদ্ধতি হতে হবে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক। 

সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরে স্মারকলিপি প্রদান, সেমিনার আয়োজন করা কিংবা শান্তিপূর্ণ জনসমাবেশ করার অধিকার সবার আছে এবং সরকার সব সময় বাকস্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা মবের মাধ্যমে দাবি আদায়ের এই নেতিবাচক প্রবণতা থেকে সমাজকে দ্রুত বেরিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন।