রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ড. ইউনূসের আমলে হাম প্রতিরোধের প্রস্তুতি নিয়ে প্রশ্ন ডা. জাহিদের

জাতীয় ডেস্ক

এপ্রিল ৬, ২০২৬, ০৩:৪৬ পিএম

ড. ইউনূসের আমলে হাম প্রতিরোধের প্রস্তুতি নিয়ে প্রশ্ন ডা. জাহিদের

ড. ইউনূসের নেতৃত্বাধীন বিগত অন্তর্বর্তী সরকারের আমলে হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই বর্তমানে এই রোগের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার সকালে রাজধানীর গুলশানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন। 

মন্ত্রী মনে করেন, সেই সময়ে জনস্বাস্থ্যের এই গুরুত্বপূর্ণ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা জরুরি।সেমিনারে মন্ত্রী বলেন, সেই সময় হামের ভ্যাকসিন কেনার ক্ষেত্রে কোনো গাফিলতি ছিল কি না কিংবা প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছিল কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। 

এ সংক্রান্ত দাপ্তরিক নথি ও প্রস্তুতিগুলো যাচাই করলেই বোঝা যাবে এখন কেন হঠাৎ করে এই রোগের প্রকোপ বাড়ছে। তিনি উল্লেখ করেন যে অনেক বড় প্রত্যাশা নিয়ে এ দেশের সাধারণ মানুষ বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে এবং সেই দায়বদ্ধতার জায়গা থেকেই সরকার প্রবাসীদের স্বাস্থ্য ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

ডা. জাহিদ হোসেন তার বক্তব্যে নারী ও শিশু নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা আবারও মনে করিয়ে দেন। তিনি আক্ষেপ করে বলেন যে দেশে নারী ও শিশু অধিকার নিশ্চিতে এবং নির্যাতন প্রতিরোধে পর্যাপ্ত আইন থাকলেও অনেক ক্ষেত্রে সেগুলোর যথাযথ প্রয়োগ দেখা যায় না। এই বিশাল সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে শুধু রাষ্ট্রযন্ত্রের ওপর নির্ভর না করে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জনগণের প্রতি সরকারের জবাবদিহিতা প্রতিটি পদক্ষেপে বজায় রাখা হবে বলেও তিনি সভায় উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।

আলোচনা সভায় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও যোগ করেন যে বর্তমান সরকার অতীতের ভুলগুলো চিহ্নিত করে জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। জনগণের সেবা নিশ্চিত করাই এই প্রশাসনের প্রধান লক্ষ্য। সেমিনারে উপস্থিত অন্যান্য অতিথিরাও নারীর অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সামগ্রিক প্রেক্ষাপটে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রয়োজনীয় ভ্যাকসিন সরবরাহ ও টিকাদান কর্মসূচিকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করা হয় এই অনুষ্ঠানে।