বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

সংরক্ষিত নারী আসন, মনোনয়ন জমা দিল বিএনপি-জামায়াত

জাতীয় ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ১১:৪২ এএম

সংরক্ষিত নারী আসন, মনোনয়ন জমা দিল বিএনপি-জামায়াত

ইসিতে প্রার্থীদের মনোনয়ন জমা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার পর থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে তারা নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন। 

নির্বাচন কমিশনের আনুপাতিক হিসাব অনুযায়ী, ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন পেতে যাচ্ছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমার সুযোগ ছিল। জমা পড়া এসব মনোনয়নপত্র ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে ২৬ এপ্রিল এবং তা নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। 

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ শেষে আগামী ১২ মে এই আসনগুলোতে আনুষ্ঠানিক ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।বিএনপির ৩৬ জনের চূড়ান্ত তালিকায় দলের পরীক্ষিত নেত্রীদের পাশাপাশি বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার স্ত্রী ও স্বজনরা জায়গা পেয়েছেন। এর মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী, খায়রুল কবির খোকনের স্ত্রী শিরীন সুলতানা, প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হুসাইন এবং গুম হওয়া বিএনপি নেতা সুমনের বোন সানজিদা ইসলাম তুলি। 

এছাড়াও শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হকের মতো পরিচিত মুখেরা বিএনপির মনোনয়ন পেয়েছেন।তবে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর সুবর্ণা সিকদার (ঠাকুর) নামের এক প্রার্থীকে ঘিরে চরম বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের অভিযোগ, সুবর্ণা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে ছিলেন। বিগত সরকারের প্রশংসায় তার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা হতাশ ও ক্ষুব্ধ। যদিও সুবর্ণা ঠাকুর দাবি করেছেন, আওয়ামী লীগের কমিটিতে তার নাম অনুমতি ছাড়াই রাখা হয়েছিল এবং তিনি ওই দলের রাজনীতিতে কখনোই সক্রিয় ছিলেন না।

অন্যদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে ১৩ জন প্রার্থীর তালিকা জমা দেওয়া হয়েছে। এই জোটের সবচেয়ে বড় চমক হলো, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগমকে সম্মানসূচক মনোনয়ন দেওয়া। এছাড়াও জামায়াতের নারী নেত্রী নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু মনোনয়ন পেয়েছেন। জোটের শরিক দল হিসেবে এনসিপি থেকে মনিরা শারমিন ও ডা. মাহমুদা আলম মিতু, জাগপা থেকে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।