এপ্রিল ২৫, ২০২৬, ০১:৩৯ পিএম
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের অভিবাসী বা ইমিগ্র্যান্ট ভিসা প্রদান স্থগিত ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট। তবে এই স্থগিতাদেশ পর্যটক, শিক্ষার্থী কিংবা অন্য কোনো অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে কার্যকর হবে না।
শনিবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত মার্কিন সরকারের নতুন অভিবাসন নীতির অংশ হিসেবেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকায় থাকা এই ৭৫টি দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা বা করদাতাদের অর্থে পরিচালিত বিভিন্ন সামাজিক কল্যাণমূলক সুবিধা গ্রহণের হার অনেক বেশি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে আসা অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। তারা যেন কোনোভাবেই মার্কিন নাগরিকদের ওপর আর্থিক বোঝা হয়ে না দাঁড়ায়, সে বিষয়টি নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে স্টেট ডিপার্টমেন্ট সব ধরনের স্ক্রিনিং এবং যাচাইকরণ প্রক্রিয়াগুলো গভীরভাবে পর্যালোচনা করছে।২০২৬ সালের ২১ জানুয়ারি থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এর প্রধান উদ্দেশ্য হলো উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা অভিবাসীরা যাতে যুক্তরাষ্ট্রে গিয়ে বেআইনিভাবে কোনো কল্যাণমূলক সুবিধা গ্রহণ করতে না পারে। ট্রাম্প প্রশাসনের মতে, অভিবাসীদের স্বাবলম্বী হওয়া একটি আবশ্যিক শর্ত। এই নীতির আওতায় বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ পাকিস্তান, নেপাল, ভুটান ও আফগানিস্তানের নাম রয়েছে। তালিকায় আরও রয়েছে রাশিয়া, ব্রাজিল, ইরান, ইরাক, মিশর, তুরস্ক ও থাইল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ দেশগুলো।
তালিকায় অন্তর্ভুক্ত অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে আলবেনিয়া, আলজেরিয়া, বাহামা দ্বীপপুঞ্জ, বেলারুশ, কম্বোডিয়া, কিউবা, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মরক্কো ও উত্তর মেসিডোনিয়া। এ ছাড়া আফ্রিকার বেশ কিছু দেশ যেমন নাইজেরিয়া, সেনেগাল, সোমালিয়া, সুদান ও উগান্ডার নাগরিকদের জন্যও অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দেশগুলোর নাগরিকদের জন্য বর্তমানে সব প্রকার ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করার প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। তবে অনভিবাসী ভিসাধারীদের ওপর এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছে দূতাবাস।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন