রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শহীদ পরিবারের কেউ জামায়াত করলে সেটি ‘ডাবল অপরাধ’: ফজলুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ০৫:২৪ পিএম

শহীদ পরিবারের কেউ জামায়াত করলে সেটি ‘ডাবল অপরাধ’: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, এই আলবদর-রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা বেঁচে আছে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।সংসদ সদস্য ফজলুর রহমান আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমার বক্তব্যের পরে তারা বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই! বিরোধী দলে যারা বসে আছেন, অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে, তারা নাকি সভ্য।’

বক্তব্য চলাকালে বিরোধী দলীয় নেতার কঠোর সমালোচনা করেন তিনি। ফজলুর রহমান বলেন, ‘বিরোধী দলের নেতা বলেছেন উনি নাকি মুক্তিযোদ্ধা পরিবারের লোক, শহীদ পরিবারের লোক এবং উনি জামায়াতে ইসলামী করেন। 

এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন জামায়াত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক জামায়াত করলে সেটি ডাবল অপরাধ।’বক্তব্যের শেষ দিকে তিনি গত ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরেন। 

ফজলুর রহমান বলেন, ‘৫ আগস্টের পরে কী হলো আপনারা জানেন। ইউনূস সরকার ছিল। আমি শিল্পকলার সামনে থাকি। সেখানে একটা গান হতে পারেনি, নাটক হতে পারেনি, লালন গীতি হতে পারেনি। সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল।’

বিকেলে জাতীয় সংসদে দেওয়া ফজলুর রহমানের এই বক্তব্য চলাকালে অধিবেশন কক্ষে শোরগোল দেখা দেয়। তিনি তার বক্তব্যে মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে অধিবেশন শুরু হওয়ার পর বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলাকালে তিনি এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন।