বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

বিএসইসি ও বীমা কর্তৃপক্ষে নিয়োগে বয়সসীমা তুলে দিতে বিল

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ০৮:২৯ পিএম

বিএসইসি ও বীমা কর্তৃপক্ষে নিয়োগে বয়সসীমা তুলে দিতে বিল

জাতীয় সংসদে উত্থাপিত নতুন বিল

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমা তুলে দিতে জাতীয় সংসদে দুটি সংশোধনী বিল উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

পরে বিল দুটি অধিকতর পরীক্ষার জন্য সংসদীয় বিশেষ কমিটিতে পাঠানো হয়।বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ সংশোধনের জন্য আনা বিলে কমিশনের চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের ক্ষেত্রে ৬৫ বছর বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। 

বর্তমানে প্রচলিত আইনে কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা চার বছরের জন্য পদে বহাল থাকেন এবং একটি মেয়াদের জন্য পুনর্নিয়োগের যোগ্য হন। তবে ওই ধারার শর্ত অনুযায়ী, কোনো ব্যক্তির বয়স ৬৫ বছর পূর্ণ হলে তিনি এই পদে নিয়োগের যোগ্য হন না বা পদে বহাল থাকতে পারেন না। নতুন বিলটি পাস হলে এই বয়সসীমার শর্ত আর থাকবে না।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, পুঁজিবাজার খাতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য বিএসইসির চেয়ারম্যান ও কমিশনার পদে অভিজ্ঞ, দক্ষ ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দেওয়া প্রয়োজন। এ কারণে ১৯৯৩ সালের আইনটি সংশোধন করে সময়োপযোগী করার এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিলে বলা হয়েছে, বিদ্যমান আইনের ধারা ৫ এর উপধারা ৬ এর শর্তাংশটি বিলুপ্ত হবে।

একই দিনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ সংশোধনের জন্য আরও একটি বিল সংসদে উত্থাপন করা হয়। এই বিলে কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য পদে ৬৭ বছর বয়সসীমা সংক্রান্ত অযোগ্যতার বিধানটি বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান আইনের ধারা ৭ এর উপধারা ৩ অনুযায়ী, কোনো ব্যক্তির বয়স ৬৭ বছর পূর্ণ হলে তিনি চেয়ারম্যান বা সদস্য হওয়ার যোগ্য থাকেন না। নতুন সংশোধনীতে এই দফাটি বাদ দেওয়ার কথা বলা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই দুটি খাতের নিয়ন্ত্রক সংস্থায় অভিজ্ঞ ব্যক্তিদের দীর্ঘ মেয়াদে কাজে লাগানোর লক্ষ্যেই সরকার এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। অর্থমন্ত্রী বিল দুটি উত্থাপনের পর তা সংসদীয় বিশেষ কমিটিতে পাঠিয়ে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার অনুরোধ জানিয়েছেন। বিল দুটি পাস হলে বিএসইসি ও বীমা কর্তৃপক্ষের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের কোনো বাধা থাকবে না।