এপ্রিল ২৯, ২০২৬, ০৬:১২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে এ নির্বাচনের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এই ঘোষণা দেন। আজ বিকেল ৪টার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেন।
রিটার্নিং অফিসার মঈন উদ্দীন খান জানান, সংরক্ষিত আসনের এই নির্বাচনে ৪৯ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেননি।
যেহেতু শূন্য পদের সংখ্যার সমানসংখ্যক মনোনয়নপত্র জমা পড়েছে, তাই আইন অনুযায়ী সকল প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে গণ্য করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, বেসরকারিভাবে নির্বাচিত এসব সংসদ সদস্যদের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা এখন ইসি সচিবালয় নেবে। আইন অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের ব্যবস্থা করার জন্য সেটি জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হবে।
এর আগে ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করা হলে রাজনৈতিক দলগুলো তাদের মনোনীত প্রার্থীদের তালিকা জমা দেয়। প্রতিটি আসনের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কেউ সরে না দাঁড়ানোয় ভোটের প্রয়োজনীয়তা পড়েনি। গেজেট প্রকাশের পর নির্ধারিত নিয়ম অনুযায়ী খুব দ্রুতই এই সংরক্ষিত নারী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে ইসি সূত্রে জানা গেছে। বর্তমানে এ নির্বাচনের সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন