বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

সরকার পতনের হুমকি দিলে রাজপথেই জবাব: ইশরাক হোসেন

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৭:২৭ পিএম

সরকার পতনের হুমকি দিলে রাজপথেই জবাব: ইশরাক হোসেন

সংসদে বক্তব্য রাখছেন ইশরাক হোসেন।

সরকার পতনের হুমকি দিলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, আপনারা যদি আমাদের পতনের হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরই পতন ঘটানো হবে।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, এই সরকার পূর্ববর্তী ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪-এর মতো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। বরং জনগণের সরাসরি ভোটের ম্যান্ডেট পেয়ে এই সংসদে এসেছে।

ইশরাক হোসেন সংসদ নেতার উদ্দেশে বলেন, কোনো হুমকি-ধমকি দিয়ে সরকার পতন করা সম্ভব হবে না। সংসদ নেতার নির্দেশ পেলে বিগত দিনে যেভাবে রাজপথে থেকে ভোটাধিকার প্রতিষ্ঠা ও স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, এবারও একইভাবে রাজপথে অবস্থান নিয়ে যেকোনো অপশক্তি মোকাবিলা করা হবে।

সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বিরোধী সদস্যরা সংসদে সুন্দর বক্তব্য দিলেও বাইরে বিষবাষ্প ছড়াচ্ছেন। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা বাড়ছে এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। তিনি অভিযোগ করেন, গত বৃহস্পতিবার জ্বালানি সংকট নিয়ে কার্যকর কমিটি গঠনের পর বিরোধী দল ইতিবাচক কথা বললেও পরে তাদের নেতারা উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সংসদ বন্ধ থাকাকালীন বিভিন্ন জায়গায় জনগণকে উসকানি দেওয়া হয়েছে। এমনকি ১৭ দিনের মধ্যে সরকার হটানোর হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এই ধরনের কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা বলে তিনি মনে করেন। বর্তমানে সংসদের এই অধিবেশনে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।