মে ২, ২০২৬, ০১:০২ এএম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার ১৮ কোটি মানুষের প্রতি নির্বাচনী প্রতিশ্রুতিতে ওয়াদাবদ্ধ। জনগণের কল্যাণে সরকার কাজ করে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সকল অন্যায় ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে পারলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (১ মে) রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে পবিত্র শুভ বুদ্ধ পূর্ণিমা, জাতিসংঘ বৈশাখ ডে-২০২৬ এবং বৌদ্ধ ধর্ম ও বিশ্ব শান্তি শীর্ষক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মহামতি গৌতম বুদ্ধের শিক্ষা বর্তমান বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক। বুদ্ধের অহিংসা, সাম্য ও সহমর্মিতার বাণী অনুসরণ করলে বিশ্ব থেকে সংঘাত দূর করা সম্ভব।
বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ উল্লেখ করে অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। দেশের প্রত্যেক মানুষ যাতে নিরাপত্তা ও শান্তির সঙ্গে বসবাস করতে পারে, সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষ করে শিক্ষা ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বৌদ্ধ সম্প্রদায়ের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের ৫২ শতাংশ নারী ও ৩.৪ শতাংশ শিশুকে পেছনে ফেলে রেখে উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্যে তাঁর মন্ত্রণালয় নারী ও শিশুদের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার অনুযায়ী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, খাদ্য ও বই প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সিম্পোজিয়ামে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং ভ্যাটিকান, মিয়ানমার, চীন ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের পদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানে বৌদ্ধ কৃষ্টি প্রচারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন