মে ৩, ২০২৬, ০৯:৪৮ এএম
রাজধানীতে আজ রোববার (৩ মে) শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। বর্তমান সরকার গঠনের পর এটিই প্রথম ডিসি সম্মেলন। সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন।
এবারের সম্মেলনে মাঠ পর্যায়ের প্রশাসনিক, আইনগত ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য মোট ৪৯৮টি প্রস্তাব উত্থাপন করা হচ্ছে। ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ এই সম্মেলনে অংশগ্রহণ করছে। গত সম্মেলন তিন দিনব্যাপী হলেও প্রশাসনিক কাজের পরিধি বিবেচনায় এবার এর সময়সীমা বাড়িয়ে চার দিন করা হয়েছে।
শনিবার (২ মে) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, এবারের সম্মেলনে সর্বমোট ৩৪টি অধিবেশন থাকবে, যার মধ্যে ৩০টি হবে কার্য-অধিবেশন। তিনি উল্লেখ করেন যে, সরকারি কাজে কোনো প্রকার রাজনৈতিক প্রভাব থাকা উচিত নয়।
এবারের সম্মেলনে জেলা প্রশাসকদের কাছ থেকে মোট এক হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গিয়েছিল, যার মধ্য থেকে বাছাইকৃত ৪৯৮টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৪৪টি এসেছে স্বাস্থ্যসেবা বিভাগ সংক্রান্ত। এছাড়া নতুন পাঁচ জেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন, জনসেবা বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যের মানোন্নয়ন এবং পর্যটনের বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আজ প্রথম দিনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হবে।
সম্মেলন চলাকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এছাড়া নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশনের সঙ্গেও বিশেষ কার্য-অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় দিন অর্থ, কৃষি, খাদ্য ও শিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়ে আলোচনা হবে এবং জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডিসিরা।
তৃতীয় দিন মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়সহ অন্যান্য বিভাগের সঙ্গে আলোচনার পাশাপাশি সুপ্রিম কোর্ট ভবনে প্রধান বিচারপতির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সম্মেলনের শেষ দিন বুধবার স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে রাতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বছরের ডিসি সম্মেলনে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের হার ছিল ৪৪ শতাংশ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন