মে ৩, ২০২৬, ১২:৫৩ পিএম
নতুন করে এমপিওভুক্ত স্কুল ও কলেজের দুই হাজার এক জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শনিবার (২ মে) মাউশি অধিদপ্তরের মে মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি স্কুলের ১ হাজার ৭৮২ জন এবং কলেজের ২১৯ জন শিক্ষক-কর্মচারী এই উচ্চতর গ্রেড স্কেল পেতে যাচ্ছেন। মাউশি অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অধিদপ্তরের নয়টি অঞ্চলের পরিচালক ও উপপরিচালকরা অংশগ্রহণ করেন।
সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীদের মধ্যে রাজশাহী অঞ্চলের সংখ্যা সবচেয়ে বেশি, যা ২৮০ জন। এ ছাড়া বরিশাল অঞ্চলের ২৩৬, চট্টগ্রামের ১৫৮, কুমিল্লার ১২৮, ঢাকার ১৯৪, খুলনার ২৫৩, ময়মনসিংহের ২৬০, রংপুরের ২১৩ এবং সিলেটের ৬০ জন রয়েছেন।
অন্যদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীদের মধ্যেও রাজশাহী অঞ্চল এগিয়ে রয়েছে। এই অঞ্চলের ৬৩ জন কলেজ শিক্ষক উচ্চতর স্কেল পাচ্ছেন। এ ছাড়া বরিশাল অঞ্চলের ১৭, চট্টগ্রামের ৭, কুমিল্লার ২৭, ঢাকার ২৬, খুলনার ৩৭, ময়মনসিংহের ২৩, রংপুরের ১২ এবং সিলেটের ৭ জন শিক্ষক-কর্মচারী এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
দীর্ঘদিন ধরে উচ্চতর গ্রেড পাওয়ার অপেক্ষায় থাকা এসব শিক্ষক-কর্মচারীদের জন্য মে মাসের এই সভাটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভার পর সংশ্লিষ্ট অঞ্চলের উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন দ্রুততম সময়ের মধ্যে এই বেতন-ভাতার আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এর ফলে চলতি মাসের বেতন থেকেই তারা নতুন স্কেলের সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন