সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

৩ দিনের সফরে আজ চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৫, ২০২৬, ০৬:২৩ পিএম

৩ দিনের সফরে আজ চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

তিন দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বেইজিং সফর। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ৫ থেকে ৭ মে পর্যন্ত এই সফর চলবে। সফরকালে ড. খলিলুর রহমান বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। 

বৈঠকে দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষয় ছাড়াও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে আলোচনা হবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই আলোচনায় দুই দেশের উন্নয়ন নীতি ও কৌশলগত অগ্রাধিকারগুলোর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া দুই দেশের জনগণের মধ্যে বিনিময় বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাবে।

চীন সরকার ইতিমধ্যে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। ‘সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের’ কাঠামোর আওতায় দুই দেশের মধ্যে রাজনৈতিক বিশ্বাস বৃদ্ধি এবং বাস্তবমুখী সহযোগিতা জোরদার করতে চায় বেইজিং। উচ্চমানসম্পন্ন বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে আরও শক্তিশালী করার বিষয়েও চীন আশাবাদ ব্যক্ত করেছে।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিং-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে সঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এছাড়া সরকারের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা এই প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত রয়েছেন। সংবাদ শেষ।