মে ৬, ২০২৬, ০৪:০৫ পিএম
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন হত্যা মামলায় যারা প্রকৃত আসামি নন, তারা আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব মামলায় নিরপরাধ কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।
সালাউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো মূলত গণহত্যার মামলা। জেলা প্রশাসকদের কাছে ইতিমধ্যে এসব মামলার তালিকা চাওয়া হয়েছে। এই তালিকাগুলো যাচাই করে দেখা হবে প্রকৃত আসামি কারা। যারা নির্দোষ প্রমাণিত হবেন, তাদের আইনি পন্থায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।
মামলার ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করে মন্ত্রী জানান, জেলাওয়ারি কতগুলো মামলা দাখিল হয়েছে তা পর্যালোচনা করা হচ্ছে। দুর্গম জেলাগুলোতে মামলার সংখ্যা তুলনামূলক কম হলেও মহানগর এলাকাগুলোতে এই সংখ্যা কিছুটা বেশি। প্রকৃত আসামিদের শনাক্ত করতে এই যাচাই-বাছাই প্রক্রিয়াটি জরুরি বলে তিনি উল্লেখ করেন।
আওয়ামী লীগ সরকারের আমলের রাজনৈতিক মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদের সময়ে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব হাজার হাজার হয়রানিমূলক মামলা হয়েছিল, সেগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলোর বিষয়ে অন্তর্বর্তী সরকারকে চিঠি দেওয়া হয়েছিল। কিছু মামলা সে সময় প্রত্যাহার হলেও অনেকগুলো এখনো রয়ে গেছে।
মামলা প্রত্যাহারের আইনি প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, এই ধরনের আবেদনগুলো প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবে। এরপর সেগুলো মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইনমন্ত্রীর সভাপতিত্বে একটি কমিটি মামলাগুলো পর্যালোচনা বা ভেটিং করবে। কমিটি যদি কোনো মামলা প্রত্যাহারের উপযুক্ত মনে করে সুপারিশ করে, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিআরপিসি অনুসারে সেগুলো প্রত্যাহারের চূড়ান্ত ব্যবস্থা নেবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন