মে ১৪, ২০২৬, ০৫:৫৭ পিএম
ভারতে গিয়ে বাবাসহ নিজের চিকিৎসা করিয়েছেন বলে দেশটির গণমাধ্যমে প্রচারিত খবরকে ‘আওয়ামী গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি কিংবা তার বাবাসহ পরিবারের কেউ কোনোদিন চিকিৎসা বা অন্য কোনো প্রয়োজনে কখনো ভারত যাননি। বৃহস্পতিবার (১৪ মে) ভারতীয় একটি নিউজ পোর্টালে এই সংক্রান্ত খবর প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম জানান, গুজব যাচাই না করে নিউজ আকারে যখন কলকাতার মিডিয়ায় এই তথ্য ফলাও করে প্রচার করা হয়, তখন তাদের মিডিয়ার বেহাল দশা আর কোয়ালিটি বোঝা যায়। তিনি আরও বলেন, তাদের বক্তব্য খুবই স্পষ্ট এবং তারা পৃথিবীর কোনো রাষ্ট্র বা ভারতের বিরোধী নন। তবে ভারতের সাথে সম্পর্ক হতে হবে বাংলাদেশ রাষ্ট্রের ও এ দেশের জনগণের সাথে। কোনো তাবেদারি করা ক্ষমতাসীন দলের সাথে সম্পর্ক করে বাংলাদেশের ওপরে অন্য কোনো দেশের আধিপত্য আর মেনে নেওয়া হবে না।
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর সেখানকার মুখ্যমন্ত্রী মুসলমানদের নিয়ে যে ধরনের উগ্র বক্তব্য দিয়েছেন, তাকে লজ্জাজনক ও ধিক্কারের উপযুক্ত বলে মন্তব্য করেন সারজিস আলম। তিনি জানান, শুধু ভারত নয়, পৃথিবীর যেকোনো দেশে ধর্মের কারণে অন্যায় করা হলে তারা তার তীব্র প্রতিবাদ জানাবেন।
সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীতি সম্পর্কে সারজিস আলম বলেন, সীমান্তে আমাদের ভাইদের হত্যা করে ভারত যদি মনে করে সম্পর্ক স্বাভাবিক হবে, তবে সেটা কখনোই সম্ভব নয়। দুই দেশের মধ্যে সম্পর্ক হতে হবে সমতার ও সম্মানের।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন