মে ১৬, ২০২৬, ০৬:২৬ পিএম
বর্তমান সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র ও সমাজকে নতুন করে মেরামত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (১৬ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এটি মূলত `বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ` আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান ছিল।
সম্মেলনে চলচ্চিত্রকে সমাজ পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়।তথ্যমন্ত্রী বলেন, কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
দেশের ৫৫ বছরের গৌরবগাথা ও বিপর্যয়ের অভিজ্ঞতা থেকে অর্জিত প্রজ্ঞা দিয়েই বিশেষজ্ঞরা কাজ করবেন। চলচ্চিত্রসহ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রের মেধার সঠিক মূল্যায়ন ছাড়া গুণগত উৎপাদন নিশ্চিত করা সম্ভব নয়। যারা বিত্তবান হওয়ার চিন্তা বাদ দিয়ে কেবল দেশপ্রেম ও মানবকল্যাণের তাগিদে চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, রাষ্ট্রকে তাদের পাশে দাঁড়াতে হবে।
অতীতে চমৎকার সব শব্দের আড়ালে চলচ্চিত্রকে নির্দিষ্ট গোষ্ঠীর প্রোপাগান্ডা মেশিন বানানোর করুণ অভিজ্ঞতা রয়েছে বলে মন্তব্য করেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা মতবাদের দাসত্ব করে মুক্ত চিন্তা করা সম্ভব নয়। চলচ্চিত্র সংসদ আন্দোলনকে কোনো বিশেষ নেপথ্য রিমোট কন্ট্রোলের হাতিয়ার না বানিয়ে প্রকৃত স্বাধীন ও মুক্ত চিন্তার আন্দোলনে রূপান্তরিত করার আহ্বান জানান তিনি।
অনুস্থানে চলচ্চিত্র সংসদ আন্দোলনে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট শিল্প সমালোচক ও চলচ্চিত্র বোদ্ধা মঈনুদ্দিন খালেদকে আজীবন সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ড. জহিরুল ইসলাম কচির সভাপতিত্বে সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবাল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন