মে ১৭, ২০২৬, ০১:৪২ পিএম
গণমাধ্যম পরিচালনায় কেবল নিয়ন্ত্রণমূলক দৃষ্টিভঙ্গি নয়, বরং সব অংশীজনকে নিয়ে একটি প্রাতিষ্ঠানিক ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে চায় সরকার। আজ রোববার (১৭ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই কথা বলেন।
বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও সংবাদ প্রধানদের সংগঠন ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’ (টিইসি) নেতৃবৃন্দের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।দেশে গণমাধ্যম ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে একটি বড় ধরনের ধারণাগত ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, মালিক, উদ্যোক্তা, সাংবাদিক ও সরকারের মধ্যে গণমাধ্যমকে আধুনিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে সমন্বিত চিন্তার অভাব ছিল। এর ফলে পুরো খাতটি অনেকাংশে ব্যক্তি প্রভাব, অর্থ বিনিয়োগ ও ক্ষমতার বলয়ে পরিচালিত হয়েছে।
অতীতে সরকারগুলো গণমাধ্যমকে মূলত নিয়ন্ত্রণের দৃষ্টিতে দেখেছে, যার কারণে এখানে অনিয়ম, প্রভাব বিস্তার ও অস্বচ্ছতা তৈরি হয়। অনেক ক্ষেত্রে অবৈধ আয় রক্ষার হাতিয়ার হিসেবেও গণমাধ্যম ব্যবহার হয়েছে বলে তিনি অকপটে স্বীকার করেন।গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে একটি ‘কোয়াসি জুডিশিয়াল কমিশন’ বা স্বাধীন কর্তৃপক্ষ গঠন ছাড়া আর কোনো বিকল্প নেই। তবে সেই স্বাধীন কমিশন যেন আবার কোনো সরকারের রাজনৈতিক হাতিয়ার হয়ে না ওঠে, সেদিকে কঠোর সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।
কমিশন যেন বাস্তবে কোনো ফ্যাসিস্ট সরকারের ইন্সট্রুমেন্ট বা হাতিয়ারে পরিণত না হয়, সেটি নিশ্চিত করার ওপর তিনি বিশেষভাবে জোর দেন।টেলিভিশন এডিটরস কাউন্সিল গঠনকে একটি ঐতিহাসিক উদ্যোগ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের পেশাভিত্তিক সংগঠন গণমাধ্যম সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সম্পাদকদের মালিকপক্ষ, কেবল অপারেটর, ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ার ও অন্যান্য সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গেও সমন্বিতভাবে মতবিনিময়ের আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন