মে ১৭, ২০২৬, ০৪:২৭ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চগতির ফ্রি ওয়াই-ফাই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১৭ মে) দুপুর ২টায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এর ফলে এখন থেকে বিমানবন্দরে একসঙ্গে প্রায় ৩৭ হাজার যাত্রী সম্পূর্ণ বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করার সুবিধা পাবেন।
বিমানবন্ধরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই ওয়াই-ফাই নেটওয়ার্ক বিস্তৃত থাকবে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর তাদের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট’ প্রতিশ্রুতির আলোকে বিমানবন্দরের সাধারণ যাত্রীদের জন্য উন্নতমানের ডিজিটাল সেবা দিচ্ছে।
অন্যদিকে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, একসঙ্গে ৩৭ হাজারের বেশি যাত্রী এই ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে সক্ষম হবে। এই উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, এই নতুন নেটওয়ার্কের আওতায় রয়েছে টার্মিনাল ১ ও টার্মিনাল ২। এছাড়া ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি টার্মিনাল, ভিভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকাতেও সাধারণ যাত্রীরা বিনামূল্যে এই ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন