রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

জাতীয় ডেস্ক

মে ১৭, ২০২৬, ০৪:৩০ পিএম

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে ৬ হাজার দক্ষ ড্রাইভার নিয়োগ

বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে ৬ হাজার দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি কোম্পানি। এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চূড়ান্ত চালক নিয়োগের ইন্টারভিউ শুরু হবে। 

আজ রোববার (১৭ মে) রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এই তথ্য জানানো হয়।

চলতি বছর মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগের চূড়ান্ত আগ্রহ দেখিয়েছে কোম্পানিটি।সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রতিনিধি দলকে বাংলাদেশ থেকে দক্ষ চালক নিয়োগের জন্য বিশেষ ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। 

তিনি পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের উপযুক্ত বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানিটির প্রতি আহ্বান জানান মন্ত্রী। এছাড়া বাংলাদেশ থেকে দক্ষ ডাক্তার ও নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগের জন্যও তিনি প্রতিনিধি দলকে বিশেষভাবে অনুরোধ করেন।

দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কর্মরত আছেন, যার মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি কর্মীদের চমৎকার দক্ষতা ও কঠোর পরিশ্রমের কারণে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ দেওয়া হচ্ছে এবং কালকের ইন্টারভিউয়ের মাধ্যমে প্রথম দফায় দেড় হাজার চালক বাছাই করা হবে। 

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানান, অধিকাংশ কর্মী দরিদ্র হওয়ায় ঋণ নিয়ে বিদেশে যান, তাই অভিবাসন ব্যয় যেন কোনোভাবেই এক লাখ টাকার ওপরে না যায়। আমিরাতে কর্মী পাঠানোর অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ-এর প্রতিনিধিরা জানান, চালকের পাশাপাশি বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগের বিষয়েও তারা আগ্রহী।