রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সরকার দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে: পুতুল

জাতীয় ডেস্ক

মে ১৯, ২০২৬, ০৮:৩৩ পিএম

সরকার দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে: পুতুল

নাটোরে ভূমি সেবা মেলা

বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানবিক ও সহজ নাগরিক সেবা পৌঁছে দিতে কাজ করছে। জমিজমা সংক্রান্ত অভ্যন্তরীণ বিরোধ দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তিতে গ্রাম আদালত ও সরকারি লিগ্যাল এইড ব্যবস্থাকে কাজে লাগাতে হবে। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে বেলা ১১টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিশেষ ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এসব কথা বলেন।

তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটোরে এই তিন দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে জমিজমা সংক্রান্ত বিরোধের বেশিরভাগই পরিবারের ভেতরে কিংবা গ্রামে পাশাপাশি বসবাসকারীদের মধ্যে হয়ে থাকে। 

এই ধরনের ভোগদখল ও সীমানা বিরোধের বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে ইউনিয়ন পর্যায়ে থাকা গ্রাম আদালতকে কার্যকরভাবে ব্যবহার করা জরুরি। কিন্তু দেশের অনেক মানুষ এখনো সচেতনতার অভাবে গ্রাম আদালতে যেতে চান না। 

সাধারণ মানুষ যাতে সহজে আইনি সহায়তা পায় এবং মূল আদালতের ওপর মামলার চাপ কমে সে জন্য আইন মন্ত্রণালয়ের অধীনে লিগ্যাল এইড ব্যবস্থা কাজ করছে।আগে গ্রামবাংলায় সামাজিক শালিসের মাধ্যমে বিরোধ মীমাংসা হতো এবং মানুষ তা সহজে মেনে নিত। এখন ভূমি সংক্রান্ত নানা জটিলতা ডিজিটাল পদ্ধতিতে সমাধানে ভূমি মন্ত্রণালয় নিরসিলভাবে দায়িত্ব নিয়ে কাজ করছে এবং এই তথ্যগুলো জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানের আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসমা শাহিন, মোহাম্মদ শরিফুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াতসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের মেলায় মোট ৭টি স্টল অংশ নিয়েছে।