মে ২১, ২০২৬, ০৭:২১ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের পবিত্র হজ উপলক্ষ্যে পরিচালিত প্রি-হজ কার্যক্রম ২০২৬ সফলভাবে সম্পন্ন করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ২১৫ জন হজযাত্রীকে নিয়ে সর্বশেষ ফ্লাইট বিজি-৩৩৫ জেদ্দার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার মাধ্যমে এ বছরের কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
বিমান কর্তৃপক্ষের তথ্যমতে, ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে এ বছর মোট ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে নিরাপদে ও আরামদায়কভাবে সৌদি আরবে পৌঁছে দেওয়া হয়েছে।বিমান এ বছর নিজস্ব ফ্লাইটের পাশাপাশি সৌদিয়া ও ফ্লাইনাসের যাত্রীসহ মোট ৭৬ হাজার ১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছে।
এ বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল ১৮ এপ্রিল। দীর্ঘ এই কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে বিমানের সহস্রাধিক কর্মকর্তা ও কর্মচারী নিরলসভাবে কাজ করেছেন।
যাত্রীদের সুবিধার্থে এসিআই লিমিটেড এবং ব্রাক ব্যাংকের সহযোগিতায় বিশেষ ‘হজ কেয়ার প্যাক’ বিতরণ করা হয়, যা হজযাত্রীদের কাছে প্রশংসিত হয়েছে। দক্ষতা, পেশাদারিত্ব ও সেবার মান বজায় রেখে জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান আবারও তার সক্ষমতার পরিচয় দিয়েছে।হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিমানবন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে কৃতজ্ঞতা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সামগ্রিকভাবে এ বছরের প্রি-হজ কার্যক্রম কোনো ধরনের বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট মহল ও হজযাত্রীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। পরবর্তী পর্যায়ে পোস্ট-হজ বা ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন প্রস্তুতি গ্রহণ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন