রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

জাতীয় নদী দিবস পালিত হচ্ছে আজ

জাতীয় ডেস্ক

মে ২৩, ২০২৬, ১২:৫৯ পিএম

জাতীয় নদী দিবস পালিত হচ্ছে আজ

নদীমাতৃক বাংলাদেশের প্রাণ-প্রকৃতি ও অর্থনীতি রক্ষা করার তাগিদে আজ সারাদেশে পালিত হচ্ছে জাতীয় নদী দিবস। কৃষি, সংস্কৃতি ও সাধারণ জনজীবনে নদীর অপরিসীম গুরুত্ব তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও নানা আনুষ্ঠানিকতায় দিবসটি উদযাপন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নদী বাঁচলে দেশ বাঁচবে, নদী রক্ষায় সবাই এগিয়ে আসুন’।

দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বর্ণাঢ্য সেমিনার ও র‌্যালির আয়োজন করা হয়েছে।সংশ্লিষ্ট সরকারি দপ্তর, পরিবেশবাদী সংগঠন এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান নদী রক্ষায় জনসচেতনতা তৈরিতে নদী পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।

 পানি সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। দেশের কৃষি উৎপাদন, মৎস্যসম্পদ এবং ব্যবসা-বাণিজ্য সম্পূর্ণ নদীকেন্দ্রিক হওয়ায় এই সম্পদের সুরক্ষা জরুরি।

তবে ক্রমবর্ধমান অবৈধ দখল ও শিল্পবর্জ্যের দূষণে দেশের বহু নদী এখন অস্তিত্ব সংকটে পড়েছে।বিশেষ করে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যার দূষণ পরিস্থিতি জনজীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে। দেশের অনেক ছোট-বড় নদী ইতোমধ্যে নাব্যতা হারিয়ে মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। 

সরকার নদীগুলোর সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে খনন কার্যক্রমসহ নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি কার্যকর তদারকি বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।