রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না : পানিসম্পদমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৪:৪০ পিএম

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না : পানিসম্পদমন্ত্রী

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন। 

মন্ত্রী অভিযোগ করেন যে বর্তমান সরকারের প্রধানের বিভিন্ন জনকল্যাণমূলক কাজ নিয়ে বিরোধী দলের নেতারা অনর্থক অট্টহাসি ও অসহযোগিতা করছেন।এটি সচেতন দেশবাসী কোনোভাবেই প্রত্যাশা করতে পারে না বলে তিনি উল্লেখ করেন।

তিনি নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন যে প্রায় ৩৫-৪০ বছর ধরে ছাত্র রাজনীতি করার মাধ্যমে অনেক রক্ত, শ্রম, ঘাম এবং জেল-জুলুম সহ্য করে তাঁরা আজকের এই অবস্থানে এসেছেন। 

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও দীর্ঘকাল নির্বাসিত জীবন পার করেছেন, তাই রাজনীতির মাঠের ভেতর একটি ন্যূনতম শৃঙ্খলা ও শালীনতা থাকা আবশ্যক। গতকাল ঝিনাইদহ সফরে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী যে ধরনের ভাষা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তিনি সরাসরি দেশের প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার পাশাপাশি সেখানে এক সময়ের কলঙ্কিত কিছু ছাত্রনেতাদের সঙ্গে নিয়ে অস্ত্রশস্ত্রসহ মহড়া দিয়েছেন।

বর্তমানে বিরোধী দলে থাকা ছাত্র সংগঠনগুলোর অতীত ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী।ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের অতীতের নেতিবাচক কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন যে মুখে ভালো ব্যবহার দেখালেও ভেতরে তাদের প্রকৃত রূপ কেমন তা জাতিকে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। এখনো একটি দীর্ঘ সময় সামনে রয়েছে এবং এই পথ সবাইকে সতর্কতার সঙ্গে পাড়ি দিতে হবে। অশালীন কর্মকাণ্ড ও শৃঙ্খলাহীন বক্তব্যকে আগামী দিনে কঠোর রাজনৈতিক হিসাব-নিকাশের মধ্যে আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।