মে ২৪, ২০২৬, ০৮:২৩ পিএম
সারাদেশে দেওয়ানি আদালতের অবকাশকালীন ছুটিতে জরুরি মামলার শুনানি ও নিষ্পত্তির জন্য ৭২ জন বিচারককে ‘ভ্যাকেশন জজ’ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন। আজ রোববার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন উপসচিব এ এফ এম গোলজার রহমান।সুপ্রিম কোর্টের অনুমতি ও পরামর্শক্রমে বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারকদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এর মধ্যে ঢাকা মহানগর এলাকার জন্য বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর মহানগর এলাকার জন্য পৃথকভাবে জজ নিয়োগ দেওয়া হয়েছে।
ভ্যাকেশন জজরা ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তির বিশেষ ক্ষমতা ভোগ করবেন।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শিশু আইন-২০১৩ অনুযায়ী শিশু আদালতের কার্যক্রম পরিচালনার ক্ষমতাও তাদের থাকবে।
দায়িত্ব পালনকালে বিচারকরা সরকারি গাড়ি সুবিধা এবং ১৫ দিনের অবকাশকালীন ভাতা প্রাপ্য হবেন। তবে শ্রম আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের মতো কিছু বিশেষায়িত আদালত এই ছুটির আওতার বাইরে থাকবে।আইনি কার্যক্রম স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ জরুরি ছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন