মে ২৬, ২০২৬, ১১:৫৭ এএম
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ মৌসুমে মোট ৩০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো, যার মধ্যে ২১ জন পুরুষ ও ৯ জন নারী।মৃতরা সবাই মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।
সর্বশেষ মারা যাওয়া হাজিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের মো. আফরান আলী, সিরাজগঞ্জের মো. আবদুর রহমান এবং নরসিংদীর মো. হারুন-উর রশীদ। বুলেটিন অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী সৌদি আরবে হজ পালন করতে গিয়েছেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন রয়েছেন।চলতি বছর ১৮ এপ্রিল হজযাত্রীদের সৌদি যাত্রা শুরু হয়েছিল।
২১ মে ছিল শেষ ফ্লাইট। আজ মঙ্গলবার আরাফাত ময়দানে পবিত্র হজের প্রধান আনুষ্ঠানিকতা পালন করছেন হাজিরা। আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা ৩০ জুন পর্যন্ত চলবে। সৌদি আরবে গিয়ে মৃত্যুবরণকারী হাজিদের জন্য তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।হজ পালনকালে মৃতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন